ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এক হাজার ৯৯৬ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের হিসাবে, চলতি বছর এডিস মশাবাহিত এ রোগে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয় আগের দিন; নয় জন। দেশে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হলো। এর মধ্যে চলতি অক্টোবর মাসের ছয় দিনে প্রাণ গেল ৩৬ জনের।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২৯৪ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৮৭ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৪৮০ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২০৩ জন, চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ৩০২ জন, ময়মনসিংহে ৯৬, রাজশাহী ১৯৯, রংপুরে ৭৫ এবং সিলেটে ১৮ জন ভর্তি হয়েছেন।
বুলেটিনের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৬৪ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর ৯০ হাজার ৩৫৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৪ হাজার ২৯৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন। বুলেটিন অনুসারে, চলতি বছর সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ রোগী ভর্তি ৪৩ হাজার ৭৭৪ জন এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক লাখ দুই হাজারের মতো।
পিপলসনিউজ/আরইউ