গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত
প্রকাশ :
গাবতলী সড়ক, ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলীর পর্বত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই তামান্না এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
এদিকে পুলিশের একটি সূত্র বলছে, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করে পুলিশ।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বাসচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
পিপলসনিউজ/আরইউ