টেবিলে আঙুলের টোকা দিয়ে লাখ লাখ টাকার হিসাব করেন রিপন
প্রকাশ :
ছবি : সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি
একজন ব্যবসায়ী রিপন সরকার। গাজীপুরের শ্রীপুর পৌর শহরে বাড়ি। তার একটি বিশেষ গুণ আছে। তিনি বড় বড় হিসাব ক্যালকুলেটর না টিপেই করে দিতে পারেন।
আরও মজার বিষয় তিনি ক্যালকুলেটর টেপার ভান ধরেন। কিন্তু আসলে টেবিলে আঙুলের টোকা দেন। দূর থেকে দেখলে যে কেউ মনে করবে তার সামনে অদৃশ্য ক্যালকুলেটর।
রিপন সরকারের বাবার নাম রতন সরকার। প্রায় ৩০ বছর ধরে মুদিপণ্যের পাইকারি ব্যবসা করছেন রিপন। তার বাবা ওষুধের ব্যবসা করতেন।
সরেজমিন দেখা যায়, দোকানের কর্মীরা একের পর এক বিক্রি করা পণ্যের নাম ও দাম বলে যাচ্ছেন। রিপন সরকার তা নিমেষেই ছোট্ট কাগজে লিখে নিচ্ছেন। এরপর শুরু হয় তার হিসাবের খেলা। টেবিলের ওপর আঙুল ঠুকতে শুরু করেন তিনি। কয়েক মুহূর্তের মধ্যেই জানিয়ে দেন সব পণ্যের মোট দাম। কয়েক লাখ টাকার হিসাব মিলে যায় চোখের পলকে।
রিপন সরকারের হিসাব করার এমন দৃশ্য যারা দেখেন, তারাই বিস্মিত হন। বিষয়টি সহকর্মী, ক্রেতাদের কাছেও কৌতূহলের। ফাহিম আশরাফ নামের এক ক্রেতা বলেন, ‘যতবার কেনাকাটা করতে আসি, ততবারই এই দৃশ্য অবাক হয়ে দেখি। দাদার হিসাব করতে কোনো ক্যালকুলেটর লাগে না। এটা তার আশ্চর্য ক্ষমতা।’
ছোট থেকে বাবার ব্যবসায় সহযোগিতা করতেন রিপন। বাবার কাছ থেকে পাওয়া ব্যবসার অভিজ্ঞতা নিয়েই মুদি মালামালের পাইকারি দোকান দিয়েছেন। তার দোকানের নাম মেসার্স রিপন এন্টারপ্রাইজ। শ্রীপুর অঞ্চলের বড় পাইকারি মুদিদোকানগুলোর এটি একটি। প্রতিদিন অসংখ্য ক্রেতার কাছে কয়েক লাখ টাকার পণ্য বিক্রি করেন রিপন। তবে এখন তার বিশেষ পরিচিতি হয়ে উঠেছে আঙুলের টোকায় দ্রুত হিসাব করার অদ্ভুত কৌশলের কারণে।
রিপনের দোকানে গিয়ে দেখা যায়, প্রথমে বিক্রি করা পণ্যের দামসহ একটি তালিকা করে ফেলেন রিপন। এরপর শুরু হয় হিসাব। এ সময় রিপন টেবিলের ওপর আঙুল ঠুকতে থাকেন। মুহূর্তের মধ্যেই বলে দেন মোট দাম। ক্রেতাকে জানিয়ে দেন কত টাকা দিতে হবে।
রিপনের দোকানে অনেক বেচাবিক্রি হয়। ব্যবসার কাজে তাকে সহযোগিতা করেন চারজন কর্মী। মাঝেমধ্যে স্ত্রী ঝুমা সরকারও দোকানে এসে সহযোগিতা করেন। প্রতিদিন লাখ লাখ টাকার পণ্য বিক্রি হলেও হিসাবের জন্য তার টেবিলে কোনো ক্যালকুলেটর কিংবা কম্পিউটার নেই। নেই কোনো হিসাবযন্ত্রের ব্যবহার।
রিপন সরকার বলেন, ‘এটা আমার নিজস্ব পদ্ধতি। এর কোনো নাম নেই। হিসাব করতে করতেই অভ্যাস হয়ে গেছে। আঙুল দিয়ে টেবিলে টোকা দিলে মনের মধ্যে হিসাবের ধারাবাহিকতা তৈরি হয়। প্রতিটি টোকায় হিসাবের একেকটি ধাপ মাথায় কাজ করে। কীভাবে এটা হয়েছে, কিংবা কীভাবে হিসাব করছি, তা আসলে বুঝিয়ে বলার মতো কিছু নেই। এটা আমার অভ্যাস। এই পদ্ধতিতে খুব দ্রুত ও নির্ভুলভাবে হিসাব মিলে যায়।’
হিসাবে কখনো ক্যালকুলেটর ব্যবহারের অভ্যাস গড়ে তোলেননি বলে জানালেন রিপন। তিনি বলেন, ‘আমার দোকানে কোনো ক্যালকুলেটর ব্যবহার করি না। ক্যালকুলেটর ব্যবহারের অভ্যাস একেবারেই নেই। কখনো ব্যবহার করা হয়নি।’
এই গণনাপদ্ধতি অ্যাবাকাস থিউরি (একধরনের গণনাপদ্ধতি), এমন প্রশ্নে রিপন বলেন, ‘অ্যাবাকাস থিউরির বিষয়টি সম্প্রতি শোনা যাচ্ছে। এই থিউরির নাম শুনেছি, বিস্তারিত কিছুই জানি না। আমার এই পদ্ধতি অ্যাবাকাস থিউরি না, এটা আমার একটা অভ্যাস বলতে পারেন।’
স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছেন রিপন সরকার। ১৯৯৯ সালে বিয়ে করেছেন ঝুমা সরকারকে। তাদের দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে স্নাতকে পড়ছেন, ছোট মেয়ে এইচএসসি পাস করেছেন। ছেলে পড়ে ষষ্ঠ শ্রেণিতে।
স্ত্রী ঝুমা সরকার বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামীকে ব্যবসার জটিল হিসাবনিকাশ করতে দেখেছি। কয়েক বছরের মধ্যেই তাকে আঙুলের টোকায় হিসাব করার এই পদ্ধতি আয়ত্ত করতে দেখি। প্রথম প্রথম খুব অবাক হতাম। এখন আর অবাক হই না। এটা আমাদের কাছে একেবারেই স্বাভাবিক দৃশ্য। ক্রেতারাও তার এই পদ্ধতির সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন।’
দোকানের কর্মী হাদিউল ইসলাম বলেন, আমি তার কাছ থেকে এই পদ্ধতি শেখার জন্য বায়না ধরেছিলাম। তিনি বলেছেন, আগে ব্যবসার কাজ ভালোভাবে শিখতে হবে। এরপর এই হিসাবের পদ্ধতি শেখাবেন।
রিপনের দোকানের ক্রেতা অনন্ত রানী পাল বলেন, ‘আমরা ক্যালকুলেটর দিয়েও অনেক সময় হিসাব করতে সমস্যায় পড়ি। অথচ দাদা বড় বড় হিসাব আঙুলের টোকায় করে ফেলেন। এটা আশ্চর্যের বিষয়। কখনো তার হিসাব ভুল হতে দেখিনি।’
পিপলসনিউজ/আরইউ