weather ২১.৯৯ o সে. আদ্রতা ৮৮% , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কপ-৩১-এ জলবায়ু ন্যায়বিচার ও পর্যাপ্ত অর্থায়নের জোরালো দাবি প্রধানমন্ত্রীর

প্রকাশ :

কপ-৩১-এ জলবায়ু ন্যায়বিচার ও পর্যাপ্ত অর্থায়নের জোরালো দাবি প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

তুরস্কের আনতালিয়া থেকে সোহেলী চৌধুরী
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ঋণের বোঝা কমাতে বিশেষ ব্যবস্থা এবং উন্নত প্রযুক্তি হস্তান্তরের জোরালো দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, প্রয়োজন অনুদান। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় নির্ভরযোগ্য অর্থায়ন, আধুনিক প্রযুক্তি এবং অভিযোজন কার্যক্রমে শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের বক্তব্যে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব তুলে ধরেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় ও সক্ষমতার ভিত্তিতে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়নব্যবস্থা এখনো অপর্যাপ্ত। এটি উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে পূরণ করতে পারছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতিতে বড় চাপ তৈরি করছে। অন্যদিকে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ ও সীমিত আর্থিক সক্ষমতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

পাঁচ দফা প্রস্তাব : প্রধানমন্ত্রীর প্রথম প্রস্তাব, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী এ অর্থ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ পুনর্গঠন ও ঋণমুক্তির বিশেষ ব্যবস্থা চালু করতে হবে। এ ক্ষেত্রে ‘Debt-for-Climate Swaps’ এবং ‘Climate-Resilient Debt Clauses’ কার্যকর করার প্রস্তাব দেন তিনি। এর মাধ্যমে জলবায়ু কার্যক্রমে বিনিয়োগের সুযোগ তৈরি এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ঋণ পরিশোধের চাপ কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

তৃতীয়ত, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এসব দেশে প্রযুক্তি হস্তান্তর ও ব্যবহারের সক্ষমতা তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়াতে হবে। এ ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক বাস্তবতা ও উন্নয়নের অধিকার বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায়সংগত রূপান্তরের জন্য ‘Belém-Antalya Action Mechanism’ গ্রহণের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এ ব্যবস্থার মূল ভিত্তি হতে হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের দায় কম, ঝুঁকি বেশি : প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। অথচ দেশটি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহের কারণে দেশের অর্থনীতি, কৃষি, জীবিকা ও জনজীবন বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যারা ঐতিহাসিকভাবে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করেছে, তাদের দায়িত্ব ও সক্ষমতা অনুযায়ী জলবায়ু মোকাবিলায় এগিয়ে আসতে হবে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং টেকসই উন্নয়নে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের নিজস্ব পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী :  জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের পরিকল্পনা ও উদ্যোগও তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বিশেষ কর-সুবিধার সহায়তায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।

এ ছাড়া বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, পরিবেশবান্ধব শিল্পের বিকাশ, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার এবং পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসারে উদ্যোগ নেওয়া হয়েছে। কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজও চলছে বলে জানান তিনি।

শিল্প খাতের পরিবেশবান্ধব রূপান্তরের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রায় ৩০০টি এলইইডি সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানার কথা উল্লেখ করেন।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুদ্ধার এবং ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগের কথা জানান। এ ক্ষেত্রে পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষায় পুনরুদ্ধার করা উপকূলীয় ভূমিতে ম্যানগ্রোভ বন সম্প্রসারণের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এর মাধ্যমে উপকূলীয় এলাকার প্রাকৃতিক সুরক্ষা জোরদার এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নারী-তরুণদের অংশগ্রহণ ও ১.৫ ডিগ্রি লক্ষ্য : জলবায়ু মোকাবিলার কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরিবেশবান্ধব অর্থনীতির বিকাশের মাধ্যমে শোভন কর্মসংস্থান ও সবুজ কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ বিফোর অল’ দর্শনের আলোকে সরকার একটি ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পাশাপাশি এগিয়ে নিতে হবে। শিল্পায়ন ও উন্নয়নের সঙ্গে প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্যও রক্ষা করতে হবে।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, কপ-৩১ সম্মেলন জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল নিয়ে আসবে। তিনি সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং সম্মেলনের আলোচনা ও দর-কষাকষি প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কপ-৩১-এ জলবায়ু ন্যায়বিচার ও পর্যাপ্ত অর্থায়নের জোরালো দাবি প্রধানমন্ত্রীর কপ-৩১-এ জলবায়ু ন্যায়বিচার ও পর্যাপ্ত অর্থায়নের জোরালো দাবি প্রধানমন্ত্রীর আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি নেত্রকোনায় গ্রেপ্তার আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি নেত্রকোনায় গ্রেপ্তার নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তিই বড় চ্যালেঞ্জ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তিই বড় চ্যালেঞ্জ কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সড়লেন পোশাকশ্রমিকরা, যান চলাচল শুরু ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সড়লেন পোশাকশ্রমিকরা, যান চলাচল শুরু