weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, বৃষ্টির সম্ভাবনা

প্রকাশ :

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, বৃষ্টির সম্ভাবনা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি এখন ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এটি উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

ইতোমধ্যে টেকনাফসহ কক্সবাজার ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে। শনিবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্র বুধবার সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে এক হাজার ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে এক হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৮০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ১১১ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার থেকে বরিশাল ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীতেও এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। নাজমুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে যেতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

‘আকভান’ নামটি প্রস্তাব করেছে ইরান। এটি একটি ফারসি শব্দ। ইরানের মহাকবি ফেরদৌসীর অমর মহাকাব্য ‘শাহনামা’য় বর্ণিত এক শক্তিশালী ও মায়াবী দৈত্যের নাম ‘আকভান’ (আকভান দিভ)। পৌরাণিক কাহিনি অনুযায়ী, এই দৈত্য ইচ্ছামতো রূপ বদলাতে পারত এবং ইরানের কিংবদন্তি বীর রুস্তমের সঙ্গে তার লড়াইয়ের উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) প্যানেলভুক্ত ১৩টি দেশ। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। ২০২০ সালে এই দেশগুলোর প্রস্তাবিত ১৬৯টি নামের তালিকা থেকে পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ ও ভারতের ‘মুরাসু’র পর এবার ইরানের প্রস্তাবিত ‘আকভান’ নামটি ব্যবহৃত হলো।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত রোডম্যাপ চায় বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত রোডম্যাপ চায় বাংলাদেশ থমথমে টুঙ্গিপাড়া, থানার কার্যক্রম বন্ধ থমথমে টুঙ্গিপাড়া, থানার কার্যক্রম বন্ধ ফের ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা ফের ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, বৃষ্টির সম্ভাবনা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, বৃষ্টির সম্ভাবনা সিরাজগঞ্জে সোনার গহনার জন্য মাকে হত্যা, মরদেহ রাখেন ট্রাঙ্কে সিরাজগঞ্জে সোনার গহনার জন্য মাকে হত্যা, মরদেহ রাখেন ট্রাঙ্কে