weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
গণহত্যা মামলার রায় আজ

রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত রোডম্যাপ চায় বাংলাদেশ

প্রকাশ :

রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত রোডম্যাপ চায় বাংলাদেশ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত সহিংসতা, রোহিঙ্গাদের নিরাপত্তাহীনতা এবং মানবিক সহায়তার ক্রমবর্ধমান ঘাটতি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা। 

বাংলাদেশ সফর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি অ্যান একেলস-কারি রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার বিষয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন। তিনি রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও সহিংসতার জন্য জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করবে আইসিজে। 

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে গণহত্যার অভিযোগে ২০১৯ সালে গাম্বিয়া মামলাটি দায়ের করে। এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচার ও জবাবদিহির দাবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। 

অন্যদিকে, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে।

বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি অ্যান একেলস-কারি বাংলাদেশে প্রথম সফর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বিশেষ দূত কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে তার মতবিনিময় এবং শরণার্থী শিবিরের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে পর্যবেক্ষণ তুলে ধরেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে প্রথম সফর সম্পন্ন করায় জাতিসংঘের বিশেষ দূতকে অভিনন্দন জানান। একই সঙ্গে কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে তার সাক্ষাৎ ও মতবিনিময়ের অভিজ্ঞতা জানতে চান।

জবাবে বিশেষ দূত রোহিঙ্গা জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে তার আলোচনার অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার ক্রমবর্ধমান ঘাটতি এবং সংকটের টেকসই সমাধান নিয়ে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরেন।

বৈঠকে মিয়ানমারের, বিশেষ করে রাখাইন রাজ্যের অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, রাখাইনে রোহিঙ্গারা এখনো সহিংসতা ও নতুন করে বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন।

সেখানে অবশিষ্ট রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা জরুরি।

বাংলাদেশের মানবিক অঙ্গীকারের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে তাদের আদি নিবাস মিয়ানমারে দ্রুত ও টেকসইভাবে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান।

এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত ও বাস্তবায়নযোগ্য একটি রোডম্যাপ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংকটের মূল কারণ মোকাবিলায় অপরিহার্য।

এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের প্রতিও বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মতে, এ রায় ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে জাতিসংঘের বিশেষ দূতকে তার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছে: এদিকে বুধবারই এক সংবাদ সম্মেলনে কেলি অ্যান একেলস-কারি বলেছেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারে গণহত্যা সংঘটিত হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার রায় ঘোষণার এক দিন আগে বুধবার তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতন ও সহিংসতার বিষয়টি স্পষ্ট। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে রোহিঙ্গা সংকট সমাধানে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ এবং আসন্ন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন কেলি অ্যান একেলস-কারি। 

বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার সম্ভাব্য রায় প্রসঙ্গে কেলি অ্যান একেলস-কারি কোনো সুনির্দিষ্ট মন্তব্য না করলেও জানান, আদালত মিয়ানমার সরকার, সংশ্লিষ্ট ব্যক্তি বা রাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

রায় ঘোষণার পর তা বাস্তবায়নের জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে যেসব দেশ নিজেদের গণতান্ত্রিক দাবি করেও মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে, তাদের অবস্থানের কড়া সমালোচনা করে তিনি এটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।

সফরকালে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে কেলি জানান, রোহিঙ্গাদের মধ্যে এখনো গভীর আতঙ্ক বিরাজ করছে; তবে অনুকূল পরিবেশ পেলে তারা নিজ দেশে ফিরে যেতে চায়।

তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে কীভাবে এবং কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখেছি। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা না কমানোর আহ্বান জানান তিনি।

মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট নিরসনে রোহিঙ্গাসহ দেশটির অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণে সংলাপ আয়োজনের জন্য আঞ্চলিক দেশগুলোকে উদ্যোগী হওয়ার অনুরোধ জানান জাতিসংঘের এই দূত।

উল্লেখ্য, মার্কিন মানবাধিকার আইনজীবী ও সাবেক কূটনীতিক কেলি অ্যান একেলস-কারি ২০২৬ সালের মে মাসে টম অ্যান্ড্রুজের স্থলাভিষিক্ত হয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে নিযুক্ত হন।

মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি, রাখাইনের চলমান সশস্ত্র সংঘাত এবং শরণার্থীদের অবস্থা পর্যালোচনার লক্ষ্যে তিনি ১১ নভেম্বর বাংলাদেশে আসেন। বুধবার তার ফিরে যাওয়ার কথা। সফরকালে তিনি ঢাকা ও কক্সবাজারে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ভুক্তভোগী রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেন।

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বহুল প্রতীক্ষিত রায় বৃহস্পতিবার ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি রায়ের সারসংক্ষেপ পাঠ করবেন।

গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার শামিল এবং এর জন্য মিয়ানমার রাষ্ট্রকে দায় বহন করতে হবে। 

মামলায় গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারের গণহত্যা কনভেনশনের অধীনে দায় স্বীকার, চলমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের স্বার্থে ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে একই ধরনের লঙ্ঘন না করার নিশ্চয়তা দেওয়ার নির্দেশ চেয়েছে।

মিয়ানমার অবশ্য রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল সন্ত্রাসবিরোধী অভিযান।

অন্যদিকে, জাতিসংঘের বিভিন্ন তদন্তে ওই অভিযানে হত্যা, ধর্ষণ ও গ্রাম পুড়িয়ে দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য উঠে এসেছে।

২০২২ সালের ২২ জুলাই আইসিজে রায় দেয়, গাম্বিয়ার করা মামলাটি গ্রহণের এখতিয়ার আদালতের রয়েছে এবং মামলাটি গ্রহণযোগ্য। এরপর মামলার মূল বিচারিক প্রক্রিয়া এগিয়ে যায়। কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যসহ ১১টি রাষ্ট্র মামলায় হস্তক্ষেপের ঘোষণা দেয়।

আইসিজের বৃহস্পতিবারের রায়টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এটি গণহত্যা কনভেনশন নিয়ে আদালতের এক দশকেরও বেশি সময় পর প্রথম গুরুত্বপূর্ণ রায়। রোহিঙ্গাদের জন্যও এটি দীর্ঘদিনের বিচার ও জবাবদিহির দাবির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। 

আইসিজের রায় রাষ্ট্রের দায় নির্ধারণ করে, তবে এটি ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি বিচার করে না। আদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত রোডম্যাপ চায় বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত রোডম্যাপ চায় বাংলাদেশ থমথমে টুঙ্গিপাড়া, থানার কার্যক্রম বন্ধ থমথমে টুঙ্গিপাড়া, থানার কার্যক্রম বন্ধ ফের ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা ফের ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, বৃষ্টির সম্ভাবনা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, বৃষ্টির সম্ভাবনা সিরাজগঞ্জে সোনার গহনার জন্য মাকে হত্যা, মরদেহ রাখেন ট্রাঙ্কে সিরাজগঞ্জে সোনার গহনার জন্য মাকে হত্যা, মরদেহ রাখেন ট্রাঙ্কে