weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

থমথমে টুঙ্গিপাড়া, থানার কার্যক্রম বন্ধ

প্রকাশ :

থমথমে টুঙ্গিপাড়া, থানার কার্যক্রম বন্ধ

ছবি : সংগৃীত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তাহীনতার আশঙ্কায় পুলিশ সদস্যরা থানা ছেড়ে গোপালগঞ্জ পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন। অবরোধ ও নিরাপত্তাহীনতায় টুঙ্গিপাড়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (১৮ নভেম্বর) টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সহিংসতার চিহ্ন দেখা যায়।

বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর মঙ্গলবার রাত থেকে থানার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার দুপুরে থানায় গিয়ে পুলিশ সদস্যদের কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। পুড়ে যাওয়া আসবাব, ভাঙা কম্পিউটার, ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাচের টুকরা আর বিধ্বস্ত কক্ষগুলো যেন ধ্বংসযজ্ঞের চিহ্ন বহন করছে।

থানার কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে জানতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পরে বিকেল সোয়া চারটার দিকে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি।

বুধবার দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায়, টুঙ্গিপাড়া থানায় ভবনের প্রবেশপথের কলাপসিবল গেট বন্ধ; তবে তালা দেওয়া নেই। ভেতরে গিয়ে দেখা যায়, থানার বিভিন্ন কক্ষে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের চিহ্ন। ওসির কক্ষ বেশি ক্ষতিগ্রস্ত। ভেতরে কয়েকটি চেয়ারের শুধু লোহার কাঠামো এবং একটি রেফ্রিজারেটরের পোড়া অবয়ব পড়ে রয়েছে।

ডিউটি অফিসারের (কর্তব্যরত কর্মকর্তা) কক্ষে টেবিলের ওপর ছড়িয়ে রয়েছে ভাঙা কাচের টুকরা। একটি ডেস্কটপ কম্পিউটারও ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশেই হাজতখানা। কক্ষ দুটির তালা ভাঙা এবং দরজা খোলা। ওসির কক্ষের পাশের বড় কক্ষটি উপপরিদর্শকদের (এসআই) কার্যালয়। সেখানে কম্পিউটারগুলো ভাঙচুর করা হয়েছে। আগুনে পুড়ে গেছে বই, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব।

থানার দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকেও একই চিত্র। সেখানে পুলিশ সদস্যদের পোশাক, তোশক, কম্বল ও অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। দুই উপপরিদর্শক (এসআই) সাধারণ পোশাকে জিনিসপত্র খুঁজছিলেন। নিচতলায়ও দুই পুলিশ সদস্যকে সাধারণ পোশাকে জিনিসপত্র খুঁজতে দেখা যায়।

মালামাল নিয়ে চলে যাচ্ছেন পুলিশ সদস্যরা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আবারও হামলার আশঙ্কায় থানা ছেড়ে চলে যাচ্ছেন পুলিশ সদস্যরা। বুধবার জানতে চাওয়া হলে একাধিক পুলিশ সদস্য বলেন, তাদেরকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত টুঙ্গিপাড়া থানা এলাকায় এমন দৃশ্য দেখা গেছে। সেখানে গিয়ে দেখা যায়, পুলিশ সদস্যরা পোশাক, অস্ত্রসহ সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে ভ্যান-ইজিবাইকে করে চলে যাচ্ছেন।

সেখানে একজন এসআই বলেন, ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে ব্যাটালিয়ন ও আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) ফোর্সের ২০০ পুলিশ সদস্য টুঙ্গিপাড়ায় আসেন। তারা টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার রাতে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পর থেকে আবার হামলার আতঙ্কে রয়েছেন তারা। এ অবস্থায় গোপালগঞ্জ পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন তারা।

রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা : গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বুধবার সকাল থেকে আওয়ামী লীগ-যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা মহড়া দেন। তারা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন। যে কারণে এই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে গিয়ে দেখা যায়, রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

পাটগাতী বাজারে কথা হয় সড়ক অবরোধ করা কয়েকজন যুবকের সঙ্গে। তারা ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন কমিটির পদে আছেন। নাম প্রকাশ না করার শর্তে এক যুবক বলেন, ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি বাস্তবায়ন করতে তারা মাঠে রয়েছেন।

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ৭ স্থানে অবরোধ, মাইকে বাজে ৭ মার্চের ভাষণ : গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি চলে বুধবার। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। 

বুধবার সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ ছিল।

নীলফাবাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, বাস এ ধরনের যানবাহন চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য রিকশা, ইজিবাইক একপাশ দিয়ে চলতে দেওয়া হচ্ছে।

পোড়া ঘর, ছাইয়ের স্তূপ, লুটের চিহ্ন গোপালগঞ্জের এমপি জিলানীর বাড়িতে : পোড়া ঘরের মেঝেতে তখনো জ্বলছিল আগুন। কোথাও আসবাবের পোড়া অংশ, কোথাও ছড়িয়ে-ছিটিয়ে ছিল ট্রাঙ্ক, স্যুটকেস ও ঘরের তৈজসপত্র। পুড়ে কালো হয়ে গেছে টিনের চাল। কোথাও ঘরের দেয়াল দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে নেই কোনো আসবাব। পুড়ে ছাই হয়েছে গোয়ালঘর, খড়ের পালা ও ঘরে রাখা ধান-চাল। ধ্বংসস্তূপের পাশে বসে কাঁদছিলেন এক নারী। বাড়ির বিভিন্ন স্থানে ভিড় করেছেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। কেউ ক্ষতিগ্রস্ত ঘর ঘুরে দেখছিলেন, কেউ আবার মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়ির বুধবার দুপুরের চিত্র এটি। মঙ্গলবার রাতে তার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বাড়ির বিভিন্ন স্থানে দুপুর পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়।

বাড়িতে ঢুকতেই প্রথমে চোখে পড়ে একটি পোড়া ঘর। কথা বলে জানা যায়, ঘরটি বিএনপির কর্মী ও এস এম জিলানীর চাচাতো ভাই তাইজুল শেখের। ঘরটির ভেতরে পোড়া আসবাবপত্র ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন জিনিসপত্র পড়ে ছিল বুধবার। এর পশ্চিম পাশে আরেকটি টিনের ঘর। ঘরটির টিন পুড়ে কালো হয়ে গেছে। ভেতরে কোনো আসবাবপত্র বা ব্যবহারযোগ্য জিনিস চোখে পড়েনি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

সেখান থেকে কিছুটা সামনে এগোতেই বাঁ পাশে দেখা যায় এস এম জিলানীর বৈঠকখানা ও অতিথিদের জন্য তৈরি করা প্যান্ডেল। প্যান্ডেলের ভেতরে চেয়ার-টেবিল ভাঙা অবস্থায় পড়ে আছে। ডান পাশে থাকা একটি টিনের ঘরের চালের টিন খুলে টুকরা টুকরা করে ফেলে রাখা হয়েছে।

ওই ঘরের পেছনে দুটি খড়ের পালায় তখনো আগুন জ্বলছিল। পাশেই একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। গোয়ালঘরের আশপাশে পোড়া কাঠ ও ছাই পড়ে আছে। এর উত্তর পাশে আধাপাকা একটি টিনের ঘর। ঘরটির ইটের দেয়াল দাঁড়িয়ে থাকলেও ভেতরের টিন ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের এক পাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ধান ও চাল। চালের স্তূপের একটি অংশে তখনো আগুন জ্বলছিল।

এর পাশেই এস এম জিলানীর বাবার ঘর। ঘরের বাইরে একটি চেয়ার নিয়ে বসে ছিলেন তার ভাই হায়দার আলী। ঘরের মেঝেতে তখনো আগুন জ্বলছিল। ভেতরে পোড়া ধান ও চাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। চালের স্তূপ থেকেও ধোঁয়া বের হচ্ছিল।

বাড়ির উত্তর পাশে এস এম জিলানীর তিনতলা ভবন। ভবনের ভেতরে ঢুকতেই ডান পাশে ডাইনিং কক্ষ। সেখানে মেঝেতে ছড়িয়ে ছিল রান্না করা তরকারি, কাচের টুকরা ও পোড়া ছাই। ঘরের বিভিন্ন স্থানে জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে ছিল। কয়েকজন নারী ভবনের ভেতর থেকে অক্ষত জিনিসপত্র বের করছিলেন।

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় দুইদিন বন্ধ ঘোষণা : গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ক্লাস ও পরীক্ষা দুই দিনের জন্য বন্ধ করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত রোডম্যাপ চায় বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত রোডম্যাপ চায় বাংলাদেশ থমথমে টুঙ্গিপাড়া, থানার কার্যক্রম বন্ধ থমথমে টুঙ্গিপাড়া, থানার কার্যক্রম বন্ধ ফের ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা ফের ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, বৃষ্টির সম্ভাবনা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, বৃষ্টির সম্ভাবনা সিরাজগঞ্জে সোনার গহনার জন্য মাকে হত্যা, মরদেহ রাখেন ট্রাঙ্কে সিরাজগঞ্জে সোনার গহনার জন্য মাকে হত্যা, মরদেহ রাখেন ট্রাঙ্কে