weather ২৬.৮৬ o সে. আদ্রতা ৯০% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা : জামিনে মুক্ত বুক বাইন্ডার মোস্তফা

প্রকাশ : ০৭-০৩-২০২৫ ০৮:৩৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সহকারী বুক বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব বৃহস্পতিবার (৬ মার্চ) শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এরপর বিকাল ৩টায় ঢাকার আদালতের হাজতখানা থেকে মুক্ত হন অর্ণব। এসময় ‘তৌহিদী জনতা’র ব্যনারে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান এদিন অর্ণবকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে অর্ণবের পক্ষে তার আইনজীবী আজমত হোসাইন জামিন চেয়ে আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, আসামি ঘটনার সঙ্গে জড়িত না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মামলায় জড়িত করা হয়েছে। তিনি সম্পূর্ণভাবে নির্দোষ, নিরাপরাধ। তার জামিন মঞ্জুরের প্রার্থনা করছি।

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার এসআই আবুল কালাম আজাদ বলেন, বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। আসামিপক্ষ জামিন আবেদন করেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

হেনস্তা করার অভিযোগে গত বুধবার শাহবাগ থানায় এই মামলা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী।

সেখানে বলা হয়. ওই শিক্ষার্থী বুধবার দুপুরে জাতীয় যাদুঘরের সামনে থেকে হেঁটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাচ্ছিলেন। রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ অর্ণব তাকে থামিয়ে ‘পর্দা’ করেনি কেন প্রশ্ন করে। ‘ওড়না ঠিক নাই’ কেন বলাসহ ‘কুরুচিপূণ’ কথা বলে তাকে ‘যৌনপীড়ন’ করেন।

ওই শিক্ষার্থী প্রক্টরকে ফোন চাইলে অর্ণব দৌড়ে পালিয়ে যান। পরে অর্ণবের ছবিসহ বিষয়টি ফেসবুকে পোস্ট করেন ওই ছাত্রী। ওই ছবি দেখে অর্ণবকে শনাক্ত করা হয় এবং তাকে প্রক্টর অফিসে ডেকে নেওয়া হয়। পরে ওই ছাত্রী মামলা করেন এবং অর্ণবকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

এদিকে অর্ণবের মুক্তির দাবিতে বুধবার মাঝরাতের পর শাহবাগ থানায় জড়ো হন একদল ব্যক্তি, যারা নিজেদের ‘তৌহিদী জনতা’ দাবি করেন। মুক্তি না দেওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থানের ঘোষণা দেন। তারাই বৃহস্পতিবার অর্ণবকে জামিনের পার ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

ভুক্তভোগী ছাত্রীর ফেসবুক পোস্ট : হেনস্তার শিকার ওই ছাত্রীর ফেসবুক পোস্টটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। পোস্টের সঙ্গে হেনস্তাকারীর ছবিও জুড়ে দিয়েছিলেন ওই ছাত্রী। তাতেই তাকে শনাক্ত করা সম্ভব হয়।

ফেসবুক পোস্টে ওই ছাত্রী লেখেন, ‘এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলছে আমার ড্রেস ঠিক নাই, আমি পর্দা করি নাই, ইত্যাদি ইত্যাদি এবং তার আচরণ খুবই অ্যাগ্রেসিভ ছিল। পরবর্তীতে তাকে আমি জিজ্ঞাসা করি আপনি কোন হলে থাকেন কোন ডিপার্টমেন্টে পড়েন। সে বলে সে এই ক্যাম্পাসের কেউ না।’

তিনি আরো লেখেন, ‘আমি সালওয়ার কামিজ পরে ঠিকমতো ওড়না পরেছিলাম। সে আমাকে বলে আমার নাকি ওড়না সরে গেছে। পরে আমি তাকে বললাম এইটা তো আপনার দেখার বিষয় না, আর আপনার তাকানোও জাস্টিফাইড না। এরপর আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌঁড় দিয়ে চলে যায়।’

তদন্ত কমিটি গঠন, চাকরি থেকে অব্যাহতিতে থাকবেন অভিযুক্ত : ছাত্রীকে হেনস্তার ঘটনায় সহকারী প্রক্টর রফিকুল ইসলামকে আহ্বায়ক রেখে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত চলাকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার অভিযুক্ত মোস্তফা আসিফ অর্ণব অব্যাহতিতে থাকবেন বলে জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তার ব্যাপারে ব্যবস্থা নেবে।  

বৃহস্পতিবার বিকালে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিন তদস্যের তদন্ত কমিটিতে আরো রয়েছেন- সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরিয়ান। তাদের দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সাইফুদ্দীন আহমেদ বলেন, তদন্ত কমিটি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করবে। ভুক্তভোগী, অভিযুক্ত সবার সঙ্গে কথা বলবে এবং প্রকৃত ঘটনা উদঘাটন করতে যা যা করার তা করবে। তদন্ত প্রতিবেদন পেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অভিযুক্তের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তদন্ত চলাকালে অভিযুক্ত চাকরিতে থাকতে পারবে না।

এদিকে সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেছেন, তারা যাবতীয় ঘটনার বিশ্লেষণ করা শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। 

মবে ‘উসকানি’ দেওয়ায় গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার পদ স্থগিত : ভুল তথ্য ছড়িয়ে মব উসকে অরাজক পরিস্থিতি তৈরির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসানের পাঠানো এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ভুল তথ্য ছড়িয়ে মবে উসকানি দেওয়ার মাধ্যমে অরাজক পরিস্থিতি তৈরির জন্য কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হলো।

কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, সে জন্য এক কার্যদিবসের মধ্যে তাকে ‘সদুত্তর দেওয়ার’ নির্দেশও দিয়েছে সংগঠনটি।

ছাত্রী হেনস্তার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজী মাজহারুল ইসলাম একাধিক পোস্ট করেছেন। সেসব পোস্টে তিনি অর্ণবের পক্ষে দাঁড়ানোর কথা বলেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত