weather ২১.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা, তদন্ত শুরু

প্রকাশ :

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা, তদন্ত শুরু

ছবি : সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নুসরাতের করা মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। 

এদিকে ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ির বাসিন্দা ও নুসরাতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। একই দিন পুড়ে যাওয়া বাড়িটি পরিদর্শন করেছে বিরোধীদলীয় একটি সংসদীয় প্রতিনিধিদল।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এদিকে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ওই বাড়িতে যান কমিটির সদস্যরা।

তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম বলেন, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুক্রবার প্রথম দিনের কাজ হয়েছে।

কমিটির অন্য তিন সদস্য হলেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর মোহাম্মদ আশরাফুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

তদন্ত কমিটির সদস্যরা শুক্রবার সকালে পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। তারা ওই বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের কাছ থেকে ঘটনার সময়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানতে চান।

তদন্ত-সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে তদন্তের প্রাথমিক কাজ শুরু হয়েছে। যেসব কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে, সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। তদন্ত শেষে তারা এ ব্যাপারে একটি প্রতিবেদন দাখিল করবেন।

অন্যদিকে শুক্রবার নুসরাত তাবাসসুমের আগুনে পুড়ে যাওয়া গ্রামের বাড়ি পরিদর্শন করেছে বিরোধীদলীয় একটি সংসদীয় প্রতিনিধিদল।

বিরোধীদলীয় এই সংসদীয় প্রতিনিধি দলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য আবদুল গফুর ছিলেন।

বুধবার রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান মধ্যপাড়া গ্রামে নুসরাতের গ্রামের বাড়ির একটি পুরোনো টিনশেড ঘরে আগুন লাগে। সংসদ সদস্যের পরিবারের অভিযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ করে এ আগুন লাগানো হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করেছেন তারা। তবে অভিযোগের বিষয়ে মামলার আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুমও এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন এ হামলা করেছে। তারা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করতে চেয়েছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। একাধিক দল তদন্তে কাজ করছে। বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জলবায়ু অর্থায়নে অনেক প্রয়োজন, সামান্য প্রাপ্তি জলবায়ু অর্থায়নে অনেক প্রয়োজন, সামান্য প্রাপ্তি এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা, তদন্ত শুরু এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা, তদন্ত শুরু এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আভাস সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আভাস টানা চার দফা কমলো সোনার দাম টানা চার দফা কমলো সোনার দাম