weather ২১.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু অর্থায়নে অনেক প্রয়োজন, সামান্য প্রাপ্তি

প্রকাশ :

জলবায়ু অর্থায়নে অনেক প্রয়োজন, সামান্য প্রাপ্তি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজনে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) থেকে তিন কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ। অথচ ২০৫০ সাল পর্যন্ত অভিযোজনেই প্রয়োজন ২৩ হাজার কোটি ডলার। দেশীয় বরাদ্দ অপর্যাপ্ত, আন্তর্জাতিক অর্থের বড় অংশ ঋণ, অভিযোজন খাতে বৈশ্বিক অর্থপ্রবাহও প্রয়োজনের তুলনায় অনেক কম। অর্থের প্রাপ্যতা, সহজ শর্তে অর্থায়ন এবং সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের কাছে সহায়তা পৌঁছানো— তিন ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জ।

অবশ্য জিসিএফ থেকে বাংলাদেশসহ ছয়টি দেশের অর্থায়ন অনুমোদনের উদ্যোগ নতুন আশার সৃষ্টি করেছে। তবে জাতীয় অভিযোজন পরিকল্পনা অনুযায়ী, ২০৫০ সাল পর্যন্ত ১১৩টি উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের প্রয়োজন প্রায় ২৩ হাজার কোটি ডলার। বছরে গড়ে ৮৫০ কোটি ডলারের এই চাহিদার বিপরীতে ২০২৬-২৭ অর্থবছরে ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ু-সংশ্লিষ্ট বরাদ্দ ৫১ হাজার ৭৪৬ কোটি টাকা। নিজস্ব অর্থায়নে পরিচালিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড পেয়েছে মাত্র ১০০ কোটি টাকা।

অন্যদিকে, ২০৩৫ সালের মধ্যে নিঃসরণ কমানোর লক্ষ্য বাস্তবায়নে আরও ১১ হাজার ৬১৮ কোটি ডলার প্রয়োজন, যার বড় অংশই আন্তর্জাতিক অর্থায়নের ওপর নির্ভরশীল। অথচ বৈশ্বিক পর্যায়ে জলবায়ু অর্থায়নের পরিমাণ বাড়লেও অভিযোজন খাতে অর্থের প্রবাহ প্রয়োজনের তুলনায় অনেক কম। উন্নত দেশগুলোর দেওয়া সরকারি জলবায়ু অর্থের বড় অংশ আসছে ঋণ হিসেবে; অনুদানের অংশ তুলনামূলকভাবে কম।

ফলে জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে কম দায়ী বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোকে নিজেদের ক্ষতি মোকাবিলায় নতুন ঋণের বোঝা বহন করতে হচ্ছে। শুধু অর্থের ঘাটতিই নয়, আন্তর্জাতিক তহবিল পাওয়ার জটিল প্রক্রিয়া, প্রকল্প প্রস্তুতির সীমাবদ্ধতা, অর্থছাড়ে দীর্ঘসূত্রতা এবং অর্থ ব্যবহারের কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। বাংলাদেশ জলবায়ু বাজেট প্রণয়ন, ২৫টি মন্ত্রণালয়ের ব্যয় চিহ্নিতকরণ এবং নিজস্ব তহবিল গঠনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক অগ্রগতি অর্জন করেছে।

ক্লাইমেট ব্রিজ ফান্ডের মতো উদ্যোগ স্থানীয় বেসরকারি সংগঠনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে অর্থ পৌঁছানোর নতুন পথও দেখাচ্ছে। পাশাপাশি গ্রিন বন্ড, মিশ্র অর্থায়ন, বেসরকারি বিনিয়োগ, কার্বন বাজার ও দুর্যোগঝুঁকি বিমার মতো বিকল্প উৎসের সম্ভাবনা রয়েছে। তবে এসব উদ্যোগ আন্তর্জাতিক অনুদান ও সহজ শর্তের অর্থায়নের বিকল্প নয়। সবচেয়ে বড় প্রশ্ন, বরাদ্দ ও প্রতিশ্রুত অর্থের কতটা বাস্তবে ছাড় হচ্ছে, কতটা কার্যকরভাবে ব্যয় হচ্ছে এবং তার সুফল কতটা পৌঁছাচ্ছে উপকূলের কৃষক, নদীভাঙনে বাস্তুচ্যুত পরিবার, শহরের বস্তিবাসী ও নিরাপদ পানির সংকটে থাকা মানুষের কাছে। কারণ জলবায়ু অর্থায়নের সাফল্য শুধু অর্থের অঙ্ক দিয়ে নয়, মানুষের ঝুঁকি কতটা কমল, জীবন ও জীবিকা কতটা সুরক্ষিত হলো—তা দিয়েই বিচার করতে হবে।

তিন কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ: জলবায়ু ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম গত বৃহস্পতিবার তুরস্কের আনতালি এক্সপো সিটিতে বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে জানান জিসিএফ থেকে তিন কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. সাইমুম রেজাও বক্তব্য দেন।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এসব দেশের জন্য পর্যাপ্ত ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে।

উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) দাতাদের জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ বৃদ্ধির দাবি জানান তিনি।

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) বাংলাদেশ প্যাভিলিয়নে ‘বাংলাদেশে জলবায়ু অভিযোজন: জাতীয় সাফল্য থেকে বৈশ্বিক পর্যায়ে সম্প্রসারণ’ শিরোনামে এক অনুষ্ঠানে যোগ প্রতিমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিও (ইউএনডিপি) বাংলাদেশ প্যাভিলিয়নে যৌথভাবে আরও কয়েকটি অনুষ্ঠান আয়োজন করা হয়।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং নিজস্ব অর্থায়নে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ নিজস্ব সম্পদ ব্যবহার করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে এবং ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ুসংশ্লিষ্ট ব্যয় চিহ্নিত করার ব্যবস্থা চালু করেছে।

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য: জাতীয় অভিযোজন পরিকল্পনা বা ন্যাপ ২০২৩-২০৫০ অনুযায়ী, ১১৩টি উদ্যোগ বাস্তবায়নে ২০৫০ সাল পর্যন্ত প্রায় ২৩ হাজার কোটি ডলার দরকার। বছরে গড়ে প্রয়োজন ৮৫০ কোটি ডলার; এর মধ্যে ৬০০ কোটি ডলার আন্তর্জাতিক তহবিল ও উন্নয়ন অংশীদারদের কাছ থেকে পাওয়ার প্রত্যাশা করা হয়েছে।

ন্যাপে ৬টি অভিযোজন লক্ষ্য ও ২৩টি কৌশলের অধীনে পানি, কৃষি, মৎস্য, যোগাযোগ, নগর, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ ৮টি অগ্রাধিকার খাত রাখা হয়েছে। অর্থাৎ হিসাবটি শুধু বাঁধ বা বড় অবকাঠামোর নয়। স্থানীয় আগাম সতর্কবার্তা, জলবায়ুসহনশীল কৃষি, নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা, জীবিকা ও নগরে আসা বাস্তুচ্যুত মানুষের ব্যবস্থাও এর অংশ। মিতা রানী দাশের কাছে সময়মতো আবহাওয়ার বার্তা পৌঁছানো কিংবা আমলাপাড়ায় আরও পানির পাম্প বসানো তাই জাতীয় অভিযোজনেরই কাজ।

অন্যদিকে বাংলাদেশের এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের নিঃসরণ কমানোর লক্ষ্য বাস্তবায়নে ১১ হাজার ৬১৮ কোটি ডলার প্রয়োজন। এর মধ্যে ২ হাজার ৫৯৫ কোটি ডলারের ব্যবস্থা দেশীয়ভাবে করার কথা; বাকি ৯ হাজার ২৩ কোটি ডলার আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির সহায়তার ওপর নির্ভরশীল।

ন্যাপ ও এনডিসির অঙ্ক সরাসরি যোগ করা যাবে না। ন্যাপ মূলত দীর্ঘমেয়াদি অভিযোজনের হিসাব। এনডিসির ওই অঙ্কটি প্রশমন বা নিঃসরণ কমানোর কার্যক্রমের জন্য; দুই নথির সময়সীমা ও খাতও আলাদা। তবে দুটিই দেখায়, বাংলাদেশের জলবায়ু পরিকল্পনার আর্থিক চাহিদা দেশীয় বাজেটের সামর্থ্যের চেয়ে অনেক বেশি।

জলবায়ু অর্থায়নের আলোচনায় তিন ধরনের কাজও আলাদা রাখা দরকার। প্রশমন হলো নিঃসরণ কমানো— যেমন নবায়নযোগ্য জ্বালানি বা জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি। অভিযোজন হলো ইতোমধ্যে দেখা দেওয়া বা আসন্ন ঝুঁকির সঙ্গে মানুষ ও অর্থনীতিকে খাপ খাওয়ানো। আর ক্ষয়ক্ষতি অর্থায়ন প্রয়োজন তখন, যখন অভিযোজন করেও কোনো ক্ষতি ঠেকানো যায় না। নদীতে জমি বিলীন হওয়া বা ঘূর্ণিঝড়ে সম্পদ হারানো তার উদাহরণ। এক খাতের অগ্রগতি দিয়ে অন্য খাতের ঘাটতি ঢেকে দিলে প্রকৃত প্রয়োজন বোঝা যায় না।

অর্থ বিভাগের ২০২৬-২৭ অর্থবছরের জলবায়ু বাজেট প্রতিবেদন অনুযায়ী, ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ু-সংশ্লিষ্ট বরাদ্দ ৫১ হাজার ৭৪৬ কোটি টাকা। এটি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের ৫ দশমিক ৫২ শতাংশ। সংশ্লিষ্ট ২৫ মন্ত্রণালয় ও বিভাগের সম্মিলিত বরাদ্দের হিসাবে হারটি ১১ দশমিক শূন্য ৩ শতাংশ; আগের অর্থবছরে ছিল ১০ দশমিক শূন্য ৭ শতাংশ।

বাজেটে বন সৃজন, বায়ু ও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, কার্বন বাণিজ্য এবং ‘এক শিশু এক গাছ’ কর্মসূচির মতো উদ্যোগের কথা আছে। জলবায়ু ব্যয়ের বড় অংশ স্থানীয় সরকার, পানি, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও অবকাঠামো-সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ছড়িয়ে থাকে। তাই শুধু পরিবেশ মন্ত্রণালয়ের বরাদ্দ দেখলে সরকারের মোট জলবায়ু ব্যয়ের ছবি পাওয়া যায় না। একইভাবে এসব মন্ত্রণালয়ের পুরো বাজেটকেও জলবায়ু ব্যয় বলা যাবে না; চিহ্নিত অংশটুকুই প্রতিবেদনের হিসাবে এসেছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ২০২৫ সালের পর্যালোচনায় বলা হয়, কয়েক বছর ধরে জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন বাজেটের বাস্তবায়ন প্রায় ৮৫ শতাংশে স্থির ছিল। গবেষণাটিতে যুক্ত সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, সমস্যা শুধু বরাদ্দের অঙ্ক নয়, ব্যয়ের গুণগত মানও। অর্থ সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় যাচ্ছে কি না এবং নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, কৃষক ও জেলেরা প্রকল্পের কেন্দ্রে আছেন কি না, সেটি দেখতে হবে। 

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সর্বশেষ হিসাবে, উন্নত দেশগুলো ২০২৩ সালে উন্নয়নশীল দেশগুলোর জন্য ১৩ হাজার ২৮০ কোটি ডলার এবং ২০২৪ সালে ১৩ হাজার ৬৭০ কোটি ডলার জলবায়ু অর্থ দিয়েছে বা বেসরকারি উৎস থেকে সংগ্রহে সহায়তা করেছে। বছরে ১০ হাজার কোটি ডলারের যে লক্ষ্য ২০২০ সালের মধ্যে পূরণের কথা ছিল, তা প্রথম পূরণ হয় ২০২২ সালে—দুই বছর দেরিতে।

মোট অঙ্কের পাশাপাশি প্রশ্ন হলো, অর্থ কোথায় ও কোন শর্তে যাচ্ছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট ২০২৫ বলছে, ২০৩৫ সালে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজনে বছরে ৩১ হাজার থেকে ৩৬ হাজার ৫০০ কোটি ডলার প্রয়োজন হতে পারে। অথচ ২০২৩ সালে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থ ছিল মাত্র ২ হাজার ৬০০ কোটি ডলার, আগের বছরের চেয়েও ২০০ কোটি ডলার কম। 

ক্লাইমেট পলিসি ইনিশিয়েটিভের গ্লোবাল ল্যান্ডস্কেপ অব ক্লাইমেট ফাইন্যান্স ২০২৬ অনুযায়ী, ২০২৪ সালে মোট জলবায়ু অর্থায়ন প্রথমবার ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারই গেছে প্রশমনে। বিপরীতে অভিযোজন অর্থ ২০২৩ সালে কমে গিয়ে ২০২৪ সালে প্রায় স্থির ছিল। অর্থাৎ সৌরবিদ্যুৎ, বৈদ্যুতিক গাড়ি ও পরিচ্ছন্ন জ্বালানির মতো স্পষ্ট বাজার থাকা খাতে বিনিয়োগ বাড়লেও নিরাপদ পানি, কৃষি, স্বাস্থ্য ও দুর্যোগসহনশীল জীবিকার অর্থায়ন একই গতিতে বাড়ছে না।

১০টি বড় ব্যাংকের যৌথ হিসাবে, ২০২৫ সালে তাদের নিজস্ব জলবায়ু অর্থায়ন প্রায় ১৬ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছায়। এর ১০ হাজার ৩০০ কোটি ডলার যায় নিম্ন ও মধ্যম আয়ের অর্থনীতিতে। সেখানে অভিযোজনের জন্য ছিল ৩ হাজার ৫০০ কোটি ডলার। এই অর্থ উন্নয়নশীল দেশের বড় প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু উন্নয়ন ব্যাংকের অর্থায়নের বড় অংশ ঋণ হওয়ায় শর্ত ও ঋণ পরিশোধের সক্ষমতা সমান গুরুত্বপূর্ণ।

ওইসিডি, ইউএনইপি ও সিপিআইয়ের অঙ্ক সরাসরি তুলনাযোগ্য নয়। ওইসিডি উন্নত দেশগুলোর দেওয়া ও সংগ্রহে সহায়তা করা অর্থ গণনা করে; ইউএনইপি দেখে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থ; আর সিপিআই দেশীয় ও আন্তর্জাতিক, সরকারি ও বেসরকারি—সব মিলিয়ে বৈশ্বিক প্রবাহের ছবি দেয়। এই পার্থক্য না বুঝলে একই অর্থ একাধিকবার গণনার ঝুঁকি থাকে।

আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের বড় বিতর্ক হলো, সহায়তা অনুদান হবে, নাকি ঋণ। জলবায়ু পরিবর্তনের ঐতিহাসিক দায় মূলত শিল্পোন্নত দেশগুলোর। তাই যেসব দেশের নিঃসরণ কম, তাদের ক্ষতি সামলাতে নতুন ঋণের বোঝা চাপানো ন্যায্য নয়— ঝুঁকিপূর্ণ দেশগুলোর অবস্থান এমনই।
ওইসিডির হিসাবে, ২০২৩ সালে উন্নত দেশগুলোর দেওয়া সরকারি জলবায়ু অর্থের ৭৩ শতাংশ এবং ২০২৪ সালে ৬৭ শতাংশ ছিল ঋণ। অনুদানের অংশ ছিল যথাক্রমে ২৪ ও ২৯ শতাংশ। অবশ্য সব ঋণের শর্ত এক নয়— কোনোটি বাজারদরে, কোনোটি কম সুদে ও দীর্ঘ মেয়াদে। তাই সুদ, মেয়াদ, গ্রেস পিরিয়ড, মুদ্রা এবং প্রকল্প থেকে আয় হবে কি না— সবই বিবেচ্য।

বৈশ্বিক গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) থেকে বাংলাদেশ এখন পর্যন্ত মোট ১০টি প্রকল্পের বিপরীতে ৪৬৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন পেয়েছে। কিন্তু এখন পর্যন্ত মাত্র একটি প্রকল্প সম্পন্ন হয়েছে, যেখানে জিসিএফ থেকে ৯.৭ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে। ফলে অনুমোদিত অর্থের খুব সামন্যই পেয়েছে বাংলাদেশ। প্রকল্প প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির অনুমোদিত সহায়তা আরও ৬১ লাখ ডলার। একই প্রকল্পে অন্য প্রতিষ্ঠানের সহ-অর্থায়ন থাকলে মোট আকার অবশ্য আরও বড় হতে পারে।

ব্র্যাক ও জার্মান সরকারের কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় ২০১৯ সালে ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) গঠিত হয়। জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত বা বাস্তুচ্যুতির ঝুঁকিতে থাকা শহরের মানুষকে সহায়তা দিতে স্থানীয় বেসরকারি সংস্থাকে অনুদান দেয় এই তহবিল।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের পরিচালক মো. গোলাম রব্বানী বলেন, নতুন উদ্যোগগুলোকে স্বাগত জানাতে হবে। তবে ছোট উদ্যোগ কিছু দূর যেতে পারে; বড় জলবায়ু সংকট মোকাবিলায় সরকারকে বৃহৎ অর্থায়নের দিকেও মনোযোগ দিতে হবে।

পরিবেশ ও জলবায়ুবিশেষজ্ঞ হাসীব মুহাম্মদ ইরফানুল্লাহ বলেন, এবারের বাজেটে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কিছু ইতিবাচক প্রবণতা আছে। কিন্তু বড় লক্ষ্যগুলো বাস্তবায়নের অর্থ কোথা থেকে আসবে, তার সুস্পষ্ট নির্দেশনা নেই। তার মতে, প্রয়োজনের তুলনায় ট্রাস্ট ফান্ডে ১০০ কোটি টাকার বরাদ্দ হতাশাজনক।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জলবায়ু অর্থায়নে অনেক প্রয়োজন, সামান্য প্রাপ্তি জলবায়ু অর্থায়নে অনেক প্রয়োজন, সামান্য প্রাপ্তি এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা, তদন্ত শুরু এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা, তদন্ত শুরু এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আভাস সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আভাস টানা চার দফা কমলো সোনার দাম টানা চার দফা কমলো সোনার দাম