weather ২০.৯৯ o সে. আদ্রতা ৮৮% , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

প্রকাশ :

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। 

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ পরিস্থিতিতে আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। সেই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

গত বৃহস্পতিবার আহত হওয়া এক শ্রমিক মারা গেছেন, এমন খবর ছড়িয়ে পড়লে আজ শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানার পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারীরা। অনেকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে আন্দোলন করছেন। তবে তাদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমেছেন।

তিন জেলার শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন : এদিকে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোট ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি। 

বিজিবি জানায়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন। বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বাংলাদেশের স্বপ্নভঙ্গ, সাফের ফাইনালে পাকিস্তান বাংলাদেশের স্বপ্নভঙ্গ, সাফের ফাইনালে পাকিস্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ দেশের বাজারে টানা পাঁচ দফা কমল স্বর্ণের দাম দেশের বাজারে টানা পাঁচ দফা কমল স্বর্ণের দাম কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন