মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা দিচ্ছে ডায়াবেটিস সমিতি গাজীপুর : ফাকরুল ইসলাম
প্রকাশ :
ছবি : সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি
ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা ও সঠিক পরামর্শ পৌঁছে দেওয়াই ডায়াবেটিস সমিতি গাজীপুরের অন্যতম প্রধান লক্ষ্য। বিশ্ব ডায়াবেটিস দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং রোগ প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ লক্ষ্য বাস্তবায়নে সমিতি দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা, পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মো. ফাকরুল ইসলাম।
বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) গাজীপুরে আয়োজিত বর্ণাঢ্য সচেতনতামূলক পদযাত্রা ও সভায় তিনি এসব কথা বলেন।
‘ডায়াবেটিসে আগাম পদক্ষেপ, সুস্থ জীবনের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে ডায়াবেটিস সমিতি গাজীপুরের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা, বিনা মূল্যে চিকিৎসাসেবা, রক্তের শর্করা পরীক্ষা, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর আগে শুক্রবার গাজীপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহাপাড়া-ভুরুলিয়া সড়কের পাশে অবস্থিত গাজীপুর ডায়াবেটিস সমিতি গাজীপুরের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে সমিতির কর্মকর্তা, সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পদযাত্রায় নেতৃত্ব দেন সমিতির সভাপতি হাসান আজমল ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস ও সাধারণ সম্পাদক মো. ফাকরুল ইসলাম। এ সময় অপর ভাইস প্রেসিডেন্ট আ ক ম মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, কার্যনির্বাহী কমিটির সদস্য আক্তার হোসেন ও ফারহাজ বিন ফয়েজ প্রবালসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পদযাত্রা শেষে সমিতির কার্যালয়ে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের রক্তের শর্করা পরীক্ষা করেন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে পরামর্শ দেন।
আলোচনায় সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি হাসান আজমল ভূঁইয়া বলেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অসচেতনতার কারণে ডায়াবেটিস ক্রমেই বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হচ্ছে। এ রোগের ঝুঁকি মোকাবিলায় শুধু ওষুধের ওপর নির্ভরশীল হলে চলবে না; নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ডায়াবেটিস প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং রোগীদের কাছে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে ডায়াবেটিস সমিতি গাজীপুর দীর্ঘদিন ধরে কাজ করছে। সমিতির জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সমিতির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস বলেন, ডায়াবেটিস সময়মতো শনাক্ত ও নিয়ন্ত্রণে রাখা গেলে আক্রান্ত ব্যক্তির পক্ষেও স্বাভাবিক জীবনযাপন সম্ভব। কিন্তু অসচেতনতা ও অবহেলার কারণে অনেক ক্ষেত্রে এ রোগ কিডনি ও হৃদ্রোগসহ নানা জটিলতা সৃষ্টি করে। তাই ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক সংগঠন, চিকিৎসক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমিতির সাধারণ সম্পাদক মো. ফাকরুল ইসলাম আরও বলেন, গাজীপুরের সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিসবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়া, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমিতির কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে সমিতির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
পিপলসনিউজ/আরইউ